‘আমাকে ‘দীপিকার সাবেক প্রেমিক’ বলে ডাকবেন না’
বিনোদন ডেস্ক।। সেটা প্রায় এক যুগ আগের কথা। তখনও বলিউডের এত বড় নায়িকা হয়ে ওঠেননি দীপিকা পাডুকোন। প্রেম করতেন নিহার পাণ্ডিয়ার সঙ্গে। সেই দীপিকা এখন রণবীর সিংয়ের স্ত্রী। কিন্তু নিহার এখনও দীপিকার সাবেক প্রেমিক বলেই পরিচিত। যা একেবারেই পছন্দ নয় তার। এখন তিনি এই পরিচয় ঘুচাতে চান। আগামী ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন নিহার। কিন্তু বিয়ের খবরেও তিনি পরিচিত হচ্ছেন দীপিকার সাবেক প্রেমিক হিসেবে। আবার অভিনয়ে ডেব্যুর ক্ষেত্রেও তার নামের আগে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে ‘দীপিকার সাবেক প্রেমিক’। আর এতেই চটেছেন তিনি।
নিহার বলেছেন, ‘দীপিকা সুখে সংসার করছে। ওর প্রতি কোনো খারাপ মনোভাব নেই আমার। আমি শুধু ভালো স্মৃতিটাই মনে রাখতে চাই। ওকে শুভকামনা জানাই। আমি নিশ্চিত দীপিকাও তাই করবে। শুধু এটুকু অনুরোধ, আমাকে আর দীপিকার সাবেক প্রেমিক বলে সম্বোধন করবেন না। আমার নিজস্ব একটা পরিচয় আছে।’
শোনা যায়, দীপিকা-নিহার শুধু প্রেমই করতেন না; টানা তিন বছর একই ছাদের নিচে লিভ-ইন করেছেন। এরপর তারকাখ্যাতি পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক প্রেমিক জুটে যায় তার। তবে সে সব এখন অতীত। দীপিকা এখন সুখে সংসার করছেন। পাশাপাশি বিয়ের পর মেঘনা গুলজারের ছবির কাজে শুটিং ফ্লোরে ফিরেছেন। অন্যদিকে কঙ্গনা রানাওয়াতের ‘মণিকর্ণিকা’ ছবির মাধ্যমে ডেব্যু করতে চলেছেন নিহার।




