251205

‘কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়?’

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘পারফেক্ট হয়নি’ জাতিসং‌ঘের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে জানতে চেয়েছেন, কোন কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়। রোববার রাজধানীর সেতুভবনে সেতু বিভাগের বিভিন্ন ফাস্ট ট্র্যাক প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।নির্বাচন নিখুঁত হয়নি বলে জাতিসংঘ যে বক্তব্য দিয়েছে তার প্রেক্ষিতে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়েছে, একটা দেশ দেখান। গণতান্ত্রিক দেশগুলোতে পারফেক্ট বলে যে কথাটি বলা হয় তাতেও কিছু খুঁত তো থাকেই। তাতে ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে না।

তিনি আরো বলেন, সরকারের সঙ্গে কাজ করার জন্য তাদের জাতিসংঘের পক্ষ থেকে এরইমধ্যে জোরালোভাবে বলা হয়েছে।জনগণের চোখ অন্যদিকে ফেরাতে আওয়ামী লীগ বিজয় সমাবেশ করছে বলে মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আর ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে যে, অপপ্রয়াস তারা চালিয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন নির্বাচন নিয়ে যে বিষয়টা তারা বলছে, এটা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ।

দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে হবে। এ জন্য আমাদের স্বচ্ছতা, নীতি ও পরিচ্ছন্ন থাকতে হবে।এদিকে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল অংশে ৭৩ শংতাশ ও নদী শাসনের ৫০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। সে হিসেবে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৬৩ শতাংশ। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত