250880

বোনকে ধর্ষণ, ভাইকে ভিডিও দেখিয়ে হুমকি!

পিরোজপুরের ভান্ডারিয়ায় গত সোমবার এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নে।এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে তার বাবা একই উপজেলার একটি গ্রামের এক যুবক (১৮) ও আরেক গ্রামের বাসিন্দা সজল জমাদ্দারকে (৩০) আসামি করে থানায় মামলা করেন।জানা গেছে, গত সোমবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মেয়েটি বাড়ি থেকে হেঁটে নানার বাড়িতে যাচ্ছিল। পথে একটি গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় পূর্বপরিচিত যুবকসহ ওই দুজন তার মুখ চেপে ধরে জোর করে সড়কের পাশে একটি পানের বরজে নিয়ে যান।

এরপর দুজন মিলে তাকে ধর্ষণ করেন। লোকলজ্জা ও ভয়ে মেয়েটি প্রথমে এ ঘটনা পরিবারকে জানায়নি। কিন্তু পরে সে তার বাবার কাছে তা প্রকাশ করে। এরপর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।মেয়েটির বাবা বলেন, ধর্ষণের ঘটনা জানার পর তিনি মামলা করার উদ্যোগ নিলে অভিযুক্ত দুজন তাঁর বড় ছেলেকে ডেকে ধর্ষণের ভিডিও চিত্র দেখিয়ে হুমকি দেন, মামলা করলে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। এরপরও বিচারের দাবিতে তিনি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক। তাঁদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। গতকাল শুক্রবার পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।তিনি আরো বলেন, ধর্ষণের ভিডিও চিত্র তাঁরা হাতে পাননি।

ad

পাঠকের মতামত