চালের দাম বাড়লেও আমদানি নয়: বাণিজ্যমন্ত্রী
খোলা বাজারে চালের দাম বৃদ্ধি পেলেও, এই মুহূর্তে সরকার আমদানির কথা ভাবছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে সরকারের ভাবমূর্তি নষ্টসহ অস্থিতিশীলতা সৃষ্টি করতে কোনো মহল কৃত্রিমভাবে দাম বাড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চালের মূল্যবৃদ্ধির বিষয়টি অযৌক্তিক, এর কোনো কারণ নেই। গত দুই দিন চালের মূল্য নতুন করে বাড়েনি, কমেওনি—স্থিতিশীল রয়েছে। তবে বছর শুরুতে মোটা চালের দাম কম বাড়লেও চিকন চালের দাম বেড়েছে বেশি। পরিসংখ্যান অনুযায়ী দেশে যথেষ্ট উদ্বৃত্ত ও চালের মজুত আছে। তাই এই মুহূর্তে চাল আমদানির কথা ভাবছি না।
তিনি আরো বলেন, এই মুহূর্তে কৃষকের কাছে ধান নেই। ধান মিলারদের কাছে। তাই হঠাৎ করে চালের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে কোনও মহল কৃত্রিমভাবে চালের মূল্য বাড়িয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।তিনি বলেন, আগে থেকে আমি কাউকে সন্দেহ করতে চাই না। তবে এ ধরনের অভিযোগ প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা নিতে মন্ত্রণালয় বসে থাকবে না।
গত কয়েকদিনের পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টঙ্গী এবং গাজীপুরের শতভাগ পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আমি জেনেছি আশুলিয়ায় ৩০টির মতো কারখানায় শ্রমিকরা সোমবার কার্ড পাঞ্চ করে চলে গেছেন, কাজ করেননি। তারা সড়কে অবস্থান নিতে চেয়েছিলেন বলেও জেনেছি। শিল্প পুলিশ তাদের তুলে দিয়েছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীর পরামর্শে গতকাল যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে তা শ্রমিকরা মেনে নেবেন ও কাজে যোগ দেবেন।




