করমর্দন!
বিনোদন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার শোবিজ অঙ্গণের একঝাঁক তারকা শিল্পী।সোমবার বিকাল ৩টায় বনানীর নতুন বিআরটিএ ভবনে তারকা শিল্পীরা টানা চতুর্থবারের মতো মন্ত্রী হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান। এসময় অভিনেত্রী শমী কায়সারের সঙ্গে করমর্দন করেন ওবায়দুল কাদের। পরে তারকা শিল্পীরা বিআরটিএ ভবনে ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় ঘন্টাখানেক মতবিনিময় করেন।
মতবিনিময়কালে শিল্পীরা তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে অবহিত করে সমাধানের ব্যাপারে সহযোগিতা চান। মন্ত্রীও তার সাধ্যমতো শিল্পীদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে আগামী ২১ ফেব্রুয়ারি অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভায় ওবায়দুল কাদেরকে প্রধান অতিথির আমন্ত্রণ জানানো হয়।

ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, সুবর্ণা মুস্তাফা, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মীর সাব্বির, শমী কায়সার, আফসানা মিমি, তানভীন সুইটি, মাহফুজ আহমেদ, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।







