আড়াই মাস আটকে রেখে ফেনীতে চার তরুণীকে ধর্ষণের মূলহোতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক।। আড়াই মাস আটকে রেখে ফেনীতে চার তরুণীকে ধর্ষণ ও নির্যাতন মামলার প্রধান আসামি কাওসার বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকালে ফেনী মডেল থানা পুলিশের একটি দল তাকে শহরের রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। সম্প্রতি এক বাসা থেকে চার তরুণীকে উদ্ধার করে পুলিশ। একটি চক্র তাদের আটকে রেখে আড়াই মাস ধরে অনৈতিক কর্মকা-ে বাধ্য করে। পরে ওই তরুণীদের মধ্যে একজন গত ৭ জানুয়ারি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি কাওসারকে গ্রেপ্তার করতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপনে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার বিকালে তাকে রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার অন্যতম আসামি মো. ওমায়ের ও আরিফুল ইসলাম আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ফেনী আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ উল্যাহ জানান, আলোচিত এ মামলার আসামি কাওসারকে শনিবার বিকালে বিচারক ও জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. জাকির হোসেনের আদালতে নিয়ে আসে পুলিশ। আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলেও আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় শুনানি হয়নি। বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শাহজাহান।




