248811

মার্কিন সরকারে দীর্ঘমেয়াদি অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক।।  সীমান্তে দেয়াল তোলা নিয়ে বিতর্কের জেরে মার্কিন সরকারে যে আংশিক অচলাবস্থা চলছে, তা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি। গতকাল এ অচলাবস্থা ২২তম দিনে গড়ায়। এর আগের রেকর্ডটি ছিল ২১ দিনের, বিল ক্লিনটন আমলে। ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে মার্কিন সরকারের একাংশে অচলাবস্থা শুরু হয়। এ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আট লাখ সরকারি কর্মী। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে ট্রাম্পের প্রত্যাশিত ৫০০ কোটি মার্কিন ডলার অনুমোদন করতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা একমত হতে না পারায় এই অচলাবস্থা শুরু হয়।

এর আগে ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে ২১ দিন অচলাবস্থা ছিল। মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনো কখনো মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেওয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন-চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে।

বাকি এক-চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে গত ২১ ডিসেম্বর নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ ছিল অপরিহার্য। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় সৃষ্টি হয় অচলাবস্থা। অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিমানবন্দরের কর্মী, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক, এফবিআই কর্মীরাও। এই অবস্থা চলমান থাকলে জননিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত