কঙ্কালের দাঁতের ফাঁকে রহস্যময় নীল পাথর!
হাজার বছরের এক নারী কঙ্কালের দাঁতে ছোট নীল রঙের একটা পাথরের সন্ধান পেয়েছেন একদল বিজ্ঞানী। কিন্তু কীভাবে এলো এই রহস্যময় পাথর? এর সন্ধানে নামলে জানা যায় মধ্যযুগের ওই নারীর পেশার কথা।জার্মানির ডালহেইমের মধ্যযুগীয় একটি মঠ থেকে এই কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। জানা যায়, ৪৫-৬০ বছর বয়সি এক সন্ন্যাসিনীর মৃতদেহ এটি। ৯৯৭ থেকে ১১৬২ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় মৃত্যু হয় তার।বিভিন্ন গবেষণায় জানা গেছে, এই পদার্থটি হলো ল্যাপিস লাজুলি। আফগানিস্তানের পার্বত্য এলাকায় এটি পাওয়া যায়। ল্যাপিসকে গুঁড়ো করে রং তৈরি হয়। তাদের মতে, শিল্পীরা এই রং ব্যবহার করতেন রেনেসাঁ আমলে। মধ্যযুগে শুধুমাত্র মহামূল্যবান ধর্মীয় লিপিতেই ছিল এই রঙের ব্যবহার।
বিজ্ঞানীদের দাবি, রং করার সময় হয়তো তুলির পিছনটা মুখে নিয়েছিলেন তিনি। গবেষকদের মতে, এই নারী হয়তো পবিত্র চিঠি ও বাইবেল তুলি দিয়ে লেখার দায়িত্বে ছিলেন।মহামূল্যবান এই রং শুধুমাত্র লেখক-চিত্রশিল্পীরাই ব্যবহার করতেন। আর সে সময়ে শৈল্পিক কাজে নারীদের উপস্থিতি ছিল খুবই কম। কিন্তু এই আবিষ্কারের মাধ্যমে জানা যায় যে সে যুগে খুব কম হলেও নারীরা এই পেশায় ছিলেন।




