ঘুষের ৬ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক
নিউজ ডেস্ক।। ঘুষের ছয় লাখ টাকাসহ চট্টগ্রামে এক রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। নাজিম উদ্দিন আহমেদ নামে ওই কর্মকর্তাকে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে আটক করা হয়। তিনি রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) পদে কর্মরত। সূত্র জানায়, অভিযানের সময় কাস্টম হাউসের নিচতলায় তাঁর কক্ষের স্টিলের আলমারি থেকে ছয় লাখ টাকা উদ্ধার করেন দুদকের কর্মকর্তারা। কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে এই টাকা জব্দ করা হয়।
দুদক জানায়, সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র প্রদানে ঘুষ বাণিজ্যের বিষয়ে দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন–১০৬) অভিযোগ দেয় ভুক্তভোগী জাহাজ কোম্পানির প্রতিনিধিরা। এরপরই দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান পরিচালনার নির্দেশ দেন। দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক জাফর আহমেদ ও মো. হুমায়ুন কবীর।
জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, বন্দরে আসা সমুদ্রগামী জাহাজ বন্দর ত্যাগের আগে তিন সংস্থা থেকে ছাড়পত্র নিতে হয়। এই তিনটি সংস্থা হলো নৌবাণিজ্য বিভাগ, চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টমস। সমুদ্রগামী জাহাজের সব মাশুল পরিশোধ করা সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার পর এই ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র পেতে দেরি হলে জাহাজগুলো বন্দর ত্যাগ করতে পারে না। এতে বাড়তি খরচ হয় জাহাজ মালিকদের।




