৫ দিনের রিমান্ডে তারেক রহমানের পিএস নুর উদ্দিন অপু
নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিলের আমদানি-রপ্তানির দুইটি অফিস থেকে নগদ ৮ কোটি ১৫ লাখ টাকা ৩৮ হাজার ৬৫০ টাকা উদ্ধারের মামলায় আসামি মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এ রিমান্ডের আদেশ দিয়েছেন। রিমান্ডপ্রাপ্ত এ আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-৩ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
এর আগে বৃহস্পতিবার এ আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর আশরাফুল ইসলাম। আসামি পক্ষে আইনজীবী মো. তরিকুল ইসলামসহ প্রমুখ রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। আইনজীবীরা মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য দায়ের করা হয়েছিল বলে শুনানিতে উল্লেখ করেন এবং রিমান্ড বাতিলপূর্বক অসুস্থ বিবেচনায় জামিন প্রার্থনা করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান উদ্ধারকৃত টাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ম্যানুপুলেট করার কাজে ব্যবহার হতো উল্লেখ করে ১০ দিনে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৬ ডিসেম্বর মামলার অপর আসামি মতিঝিলের ইউনাইটেড করপোরেশনের এমডি এ এম আলী হায়দার ওরফে নাফিজ, অফিস ব্যবস্থাপক আলমগীর হোসেন এবং গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জিএম জয়নাল আবেদীনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আসামিদের মধ্যে জয়নাল আবেদীন এক সময় হাওয়া ভবনের কর্মচারী ছিলেন।
মামলায় বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন গোষ্ঠি দেশের বিভিন্ন স্থানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে নানাবিধ সহিংস কার্যক্রম প্রতিরোধ করার জন্য র্যাব অভিযান পরিচালনা করে আসছে। এ সকল সহিংসতা বন্ধের জন্য র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন স্তরে নজরদারী করে আসা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর মতিঝিল থানাধীন সিটি সেন্টরের ইউনাইটেড এন্টারপ্রাইজ এন্ড ইউনাইটেড কর্পোরেশনে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের উপস্থিতিতে অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির এমডি আসামি আলী হয়দারকে আটক করার পর প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ হয়।
পরে তার দেওয়া তথ্য মতে পল্টন থানাধীন হাউজ বিল্ডিং রোডের বায়তুল খায়ের টাওয়ারের সিটি মানিটারী এক্সচেঞ্জ থেরক আরও ৫ কোটি টাকা জব্দ হয়। আলী হয়দার জিজ্ঞাসাবাদে আরও জানায়, তার মামা ইউনাইটেড এন্টারপ্রাইজের চেয়ারম্যান মাহমুদুল হাসানের ঘনিষ্ট বন্ধু শরিয়তপুর- ৩ আসনের সংসদ সদস্যপদপ্রার্থী মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।
তার নির্বাচনী কাজে অবৈধ প্রভাব খাটানো এবং নির্বাচনী এলাকায় সহিংসতার জন্য ২/৩ দিন আগে গুলশানস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান আমেনা এন্টারপ্রাইজ এন্ড সার্ভিসেস লি. থেকে নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন এবং অফিস সহকারী আলমগীর হোসেন ৩ কোটি টাকা নিয়ে যায়। পরদিন আমেনা এন্টারপ্রাইজের অফিসে গিয়ে জয়নাল আবেদীন এবং আলমগীর হোসেনকে ৪ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। আসামিরা জব্দকৃত টাকা আসন্ন সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব ও নাশকতা সৃষ্টি কর কাজে ব্যবহার করতো মর্মে প্রতিয়মান হচ্ছে। আসামিরা এই অর্থ বিভিন্ন ব্যাংকসহ হুন্ডি ও অজ্ঞাত উৎস হতে উত্তোলন ও সংগ্রহ করে এবং অর্থ হস্তান্তরের মাধ্যমে নিজেদের দখলে রাখে।
0




