248064

দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধানরা

নিউজ ডেস্ক।। সারাবিশ্বে এমন সব প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী আছেন, যারা দশকের পর দশক ধরে ক্ষমতায় আছেন বা ছিলেন। এমন তালিকায় রয়েছেন যেসব প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, তারা হলেন-

টিওডোরো ওবিয়াং নগুয়েমা, গিনি : মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং নগুয়েমা৷ সেই ১৯৭৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন৷ তার পর থেকে তিনিই সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী৷ টিওডোরো ওবিয়াং নগুয়েমার বয়স এখন ৭৪ বছর৷

রবার্ট মুগাবে, জিম্বাবুয়ে : আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ জিম্বাবুয়ে। দেশটি স্বাধীনতা লাভ করে ১৯৮০ সালে৷ স্বাধীনতার পর ২০১৭ সাল পর্যন্ত ৩৭ বছর ক্ষমতায় থাকেন। সেনা অভ্যুত্থানের মুখে পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে রবার্ট মুগাবেকে৷

আলি খামেনি, ইরান : সায়িদ আলি হোসেইনি খামেনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা৷ ১৯৮১ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন তিনি৷ তবে ১৯৮৯ সাল থেকে তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন৷ ৩৭ বছর ধরে দেশটির সর্বোচ্চ পদে আছেন আলি খামেনি৷

পল বিয়া, ক্যামেরুন : পল বিয়া গত ৩৬ বছর ধরে ক্যামেরুনের প্রেসিডেন্ট৷ প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ১৯৮২ সালে৷ তার পর থেকে এ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরাতে দুটি অভ্যুত্থানের চেষ্টা হয়েছে৷ দুটিকেই ব্যর্থ করে ক্ষমতা আগলে রেখেছেন ৮৫ বছর বয়সি পল বিয়া৷

ডেনিস সাসৌ নগুয়েসো, কঙ্গো ব্রাজাভিল : মধ্য আফ্রিকার দেশ কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ নগুয়েসো ক্ষমতায় আরোহন করেছিলেন ১৯৭৯ সালে৷ সেই দফায় ছিলেন ১৯৯২ পর্যন্ত৷ তার পর পাঁচ বছরের বিরতি৷ ১৯৯৭ সালে ফেরার পর থেকে ক্ষমতায় আবার তিনি অবিচল৷

হুন সেন, কম্বোডিয়া : ১৯৮৫ সাল থেকে ৩৩ বছর ধরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন হুন সেন।

ইয়োয়েরি মুসেভেনি, উগান্ডা : পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ইয়োয়েরি মুসেভেনি ৩২ বছর ধরে সে দেশের প্রেসিডেন্ট পদে আছেন৷ ৭৪ বছর বয়সী এ শাসক সমকামী বিদ্বেষী হিসেবেও পরিচিত ও সমালোচিত৷

ওমর আল-বাশির, সুদান : সুদানের ওমর আল-বাশির রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন ১৯৮৯ সালে৷ দারফুরে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন চালানোর জন্য ১৯৮৯ সালে তাকে অভিযুক্ত করেন আন্তর্জাতিক অপরাধ আদালত৷ ২৯ বছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি৷

নুরসুলতান নাসারবায়েভ, কাজাখস্তান : ১৯৯০ সালে সোভিয়েট ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে কাজাখস্তান৷ তার পর থেকেই সে দেশের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ৷ অর্থাৎ ২৮ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট তিনি৷

শেখ হাসিনা, বাংলাদেশ : এর আগে তিন মেয়াদে ১৫ বছর দায়িত্ব পালনের পর এবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা৷ সারাবিশ্বে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের তুলনায় শেখ হাসিনা এখনও অনেক পিছিয়ে৷ তবে চতুর্থ মেয়াদ শেষ করলে তারও ২০ বছর পূর্ণ হবে। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত