প্রধানমন্ত্রীর সাথে ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ গানের টিম
বিনোদন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ডিসেম্বর মাসজুড়ে দেশের নানা প্রান্তে শোনা গিয়েছে একটা গান। ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ শিরোনামে ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। আওয়ামী লীগের প্রচারণার জন্য ব্যবহৃত হয়েছে এই গানটি।গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই ভাইরাল হয়েছিলো। ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ শীর্ষক গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। এর সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন মোহাম্মাদ হৃদয়। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।
অবশেষে সেই শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে গানটির গীতিকার তৌহিদ হোসেন জানান, ‘একটি গান পুরো দেশের জনগণকে এভাবে আনন্দিত করতে পারে যা সত্যিই প্রশংসনীয়। এমনই মন্তব্যে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত। তিনি আমাদের উৎসাহ দিয়েছেন দেশের জন্য কাজ করার।
বাংলাদেশকে এগিয়ে নিতে আগামীতেও আমরা নতুন নতুন গান উপহার দিতে পারবো। আমার পুরো টিম বিশেষ করে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের প্রতি কৃতজ্ঞ।’ প্রথম গানটির সাড়া পাওয়ার পরই এর সিক্যুয়াল ‘জিতলো আবার নৌকা’ গানটি প্রকাশ করা হয়। এই গানটিও রীতিমত আলোড়ন তুলেছে।




