দ্বিতীয় ম্যাচেও সেরা জাজাই
স্পোর্টস ডেস্ক।। ফর্মের মগডালে হযরতউল্লাহ জাজাই। আফগানিস্তান ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সটা বিপিএলেও টেনে এনেছেন তিনি। প্রথম ম্যাচে খেলেন ৪১ বলে ৪ চারের বিপরীতে ৭ ছক্কায় ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। তাতে রাজশাহী কিংসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারায় ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় ম্যাচেও ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন জাজাই। খুলনা টাইটানসের বিপক্ষে মাত্র ৩৬ বলে ৩ চারের বিপরীতে ৫ ছক্কায় ৫৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। তাতে ফের জয় পেয়েছে সাকিব বাহিনী। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।
ব্যাক টু ব্যাক ম্যাচসেরা হওয়ার পর জাজাই বলেন, আমি ভালো পারফরম করছি। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আজকের উইকেট একটু আলাদা ছিল। ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। তবে আপনি যখন ভালো করবেন, তখন সবকিছুই আপনার পক্ষে আসবে। আপনার মতো করে হবে। এসময় দলকে কিছু দেয়ার চেষ্টা করলেই সর্বোচ্চটা বেরিয়ে আসে। বিপিএল উপভোগ করছি।




