247525

জনগণের ‘চাকর’ হয়ে কাজ করতে চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

নিউজ ডেস্ক।। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনে জনগণের ‘চাকর’ হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। গতকাল সোমবার শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বসার আগে এমন ইচ্ছার কথা জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় মুরাদ হাসান বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে জনগণের সেবক হয়ে কাজ করব। প্রয়োজনে চাকর হয়ে কাজ করব।’

এ সভার শুরুতে বক্তব্য দেন সরকারের নয়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গত ১০ বছরে সরকারের বিভিন্ন অর্জনের বর্ণনা করেন। এ সময় স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, চিকিৎসক নিয়োগ ও শিশু জন্মের হার কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট কমানোর জন্য কার্যকর উদ্যোগের ব্যাপারে জানান তিনি। ওষুধের দাম সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করবেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা ব্যয় কমানোর জন্য এবং মাসম্মত সেবা বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি জোরদার করবে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত