গরু আনতে গিয়ে ভারতের কারাগারে ১৫ বাংলাদেশি
নিউজ ডেস্ক।। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ১৫ বাংলাদেশি রাখাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানা পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের বহরমপুর কারাগারে রাখা হয়েছে। সর্বভারতীয় অনলাইন ইনাডু ইন্ডিয়া, মঙ্গলবার এ খবর দিয়েছে। ভারতে গ্রেফতার হওয়া এসব বাংলাদেশি রাখাল চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর ট্যাক ও জোহরপুর সাতরশিয়া সীমান্তে পথে সম্প্রতি গরু আনতে ভারতে যায় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের খবরে আরও জানা গেছে, গত শনিবার গভীর রাতে প্রায় ৩০ বাংলাদেশি রাখালের একটি দল ৩০টি ভারতীয় গরু নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে যায়। এ সময় ভারতের তিন কিলোমিটার ভেতরে দিঘিরগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ৩০টি গরু নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল তারা। এ সময় পশ্চিমবঙ্গের সুতি থানার পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে ১০টি গরু জব্দ করে সাত বাংলাদেশি রাখালকে গ্রেফতার করে। বাকি রাখালরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে পুলিশের সূত্র উল্লেখ করে ইনাডু বাংলা আরও জানায়, শনিবার রাতে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার সাত বাংলাদেশি হলেন- গোলাম রাব্বানী (৩২), সাকিম আলী (২৮), মোশাররফ হোসেন (২৬) রনি শেখ (২৭), দাখেল শেখ (১৯), মামুন রেজা (১৮) ও মোমিন শেখ (২০)। গ্রেফতার হওয়া এসব বাংলাদেশি রাখালের বাড়ি চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে। সোমবার গ্রেফতার হওয়া এসব বাংলাদেশিকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে তাদের বহরমপুর কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।
সূত্রটি আরও জানায়, এদিকে গত ১৩ ডিসেম্বর সুতি থানার পুলিশ চাঁদনীচক সীমান্ত থেকে রসুল সেখ (২৪) ও জিয়াউল হক (৩০), ও নুরুল সেখকে ৬টি এবং গত ১০ ডিসেম্বর মুর্শিদাবাদের লক্ষ্মীপুর সীমান্ত এলাকা ১০টি গরুসহ আরও সাত বাংলাদেশি রাখালকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মোবাইল ফোনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার ওসি অরূপ রায় মঙ্গলবার দুপুরে যুগান্তরকে বলেন, প্রতিদিনই গরু আনতে কিছু কিছু বাংলাদেশি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকছে। শুধু এক সপ্তাহে সুতি থানা সীমান্তে ১৫ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মূলত গরু ও কাশির সিরাফ (ফেনসিডিল) পাচারের কাজে এরা ভারতে ঢুকছে বলে জানান তিনি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ছাড়াও চোরাচালান আইনে তাদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর ট্যাক, জোহরপুর সাতরশিয়া ও বাগডাঙ্গা সীমান্ত পথে প্রতি রাতেই কয়েকশ বাংলাদেশি রাখার গরু আনতে ভারতে প্রবেশ করছে। এদের কেউ কেউ ফিরে আসতে পারলেও অনেকেই বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যাচ্ছে। গত তিন মাসে এমন শতাধিক বাংলাদেশি রাখাল ভারতে আটক হয়ে কারাগারে রয়েছেন বলে মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন। বিষয়টি সম্পর্কে জানতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩, বিজিবি ব্যাটালিয়ানের কোনো কর্মকর্তা কথা বলতে চাননি। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান বলেন, ভারতে আটক বাংলাদেশিদের বিষয়ে স্থানীয় থানাতেও কেউ কোনো তথ্য দেয়নি। ফলে এ ব্যাপারে পুলিশেরও কিছু করণীয় নেই। উৎস: যুগান্তর।




