বাদ পড়া নিয়ে কি বলছেন তোফায়েল আহমেদ?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা আজ বিকেলে শপথ নিতে চলেছে। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি তোফায়েল আহমেদের মত ঝানু রাজনীতিবিদ। তবে এ নিয়ে কোনো রকম আক্ষেপ প্রকাশ করতে নারাজ অভিজ্ঞ এই রাজনীতিবিদ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী উনার পছন্দমত যোগ্য, সৎ ও আদর্শবাদ ব্যক্তিদের নিয়েই কেবিনেট করেন। ‘আমার মনে হয় তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সেজন্যই করেছেন ও ভালোই করেছেন।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আমি ৭২ সাল থেকে প্রতিমন্ত্রী, ৯৬য়ে মন্ত্রী ছিলাম। নির্বাচনকালীন সরকারে শিল্প ও গৃহায়ন এবং পরে আবার বাণিজ্যমন্ত্রী ছিলাম। সুতরাং আমরা যারা পুরনো তাদের তো নতুনদের জায়গা দিতে হবে। একসময় তো যেতে হবে।’
বিদায়ী মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই প্রবীন রাজনীতিক আরো বলেন, ‘আমার মনে হয় উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যারা কেবিনেটে জায়গা পেয়েছেন তারা সবাই যোগ্য। আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ভালোভাবেই সরকার পরিচালনা করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন।’ সূত্র: বিবিসি বাংলা




