সৈয়দ আশরাফের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিউজ ডেস্ক।। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দলের সভাপতিমন্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর সৈয়দ আশরাফের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতাকে গার্ড অব অনার প্রদানের পর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। এরপর দলের নেতাকর্মীদের নিয়ে সৈয়দ আশরাফের মরদেহে তিনি শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান তার রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী এবং ভক্ত-অনুরাগীরা।
এর আগে, রাষ্ট্রপতি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন। এতে উপস্থিত আরো ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে, সকাল সাড়ে ১০টায় সংসদ ভবন চত্বরে সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন হয়। এখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের মরদেহ হেলিকপ্টারে করে তার সংসদীয় এলাকায় (কিশোরগঞ্জ-১ আসন) নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর ১২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ থেকে আশরাফের মরদেহ নেয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে।
এরপর তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে তৃতীয় জানাজার পর বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হবে। সেখান থেকে মরদেহ ঢাকায় নিয়ে এসে বাদ আছর বনানী কবরস্থানে দাফন করা হবে। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।




