সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়নশিপের : মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের মহারণ শুরু হয়ে গেছে। এ মৌসুমে নিজের দল নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের দল সম্পর্কে তিনি বলেছেন, ‘কাগজে কলমে হয়তো আমাদের ওইরকম সুপারস্টার নেই। তবে দলে খুব ইউজফুল প্লেয়ার আছে, যারা তিন বিভাগেই কার্যকরী।’ আজ শনিবার বিকেলে গণমাধ্যমের সামনে কথা বলেছেন খুলনার অধিনায়ক। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ঘাম ঝরিয়েছেন মাহমুদুল্লাহরা। অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে নিজের দল নিয়ে কথা বলেন অধিনায়ক। তার চাওয়া খুলনা খেলবে দল হিসেবে। কারো ওপর যাতে নির্ভর না করতে হয়।’
মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের অ্যাজ এক টিম হয়ে খেলতে হবে। গত বছর আমরা এই জিনিসটাই ক্যারি করার চেষ্টা করেছি। এই বছরও সেই জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করব। ওই পরিবেশটা ক্রিয়েট করার চেষ্টা করব, যেন আমরা বেস্ট এফোর্টটা দিতে পারি।’ তবে মাহমুদুল্লাহর লক্ষ্যও ট্রফির দিকে। স্বীকার করেছেন অকপটে। তিনি বলেন, ‘সব কিছু ভালোই যাচ্ছে। তারপরও নতুন সিজন। সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়নশিপের। আমরা সেটার জন্যই খেলব ইনশাআল্লাহ। আমাদের দলটা বোথ সাইডেই খুব ব্যালেন্স আছে। আমার মনে হয় প্রতিটা অধিনায়কই বলবে তাদের দল বেস্ট। তবে দিন শেষে মাঠে কেমন পারফর্ম করছি, বেস্ট এফোর্টটা দিচ্ছি কি-না সেটা একটা বিষয়। আশা করি আমরা আমাদের সবগুলো ম্যাচে বেস্ট এফোর্টটা দেয়ার চেষ্টা করব।’
খুলনার বোলিং অ্যাটাক নিয়ে বেশ আশাবাদী দলটির অধিনায়ক। দলের বোলারদেড় সম্পর্কে বলেন, ‘আমি মনে করি আমাদের বোলিং অ্যাটাকে বেশ ভ্যারাইটি আছে। আমাদের দলে চায়নাম্যান, লেগ স্পিনার, লেফট আর্ম স্পিনার আছে। আমাদের কুইক ফাস্ট বোলার আছে। লাসিথ মালিঙ্গা অনেক অভিজ্ঞ একজন বোলার।’
খুলনা টাইটান্স : মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, জহির খান, সেরফেইন রাদারাফোর্ড, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।




