বিপিএল ২০১৯: মাশরাফি ২, ২, ২ এবং ২
স্পোর্টস ডেস্ক।। বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম খেলায় জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চিটাগং ভাইকিংস ও বর্তমান শিরোপাধারী রংপুর রাইডার্স। শনিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে মুখোমুখি হয় এই দুই দল। প্রথম ম্যাচে বর্তমান শিরোপাধারী রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছে মুশফিকের দল চিটাগং ভাইকিংস। এদিন টসে জিতে প্রথম রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পরে মাশরাফির দল।
মাত্র তিন রানের মাথায় হারায় ২ উইকেট। মাত্র ৩৫ রানে যখন নেই ৭ উইকেট তখন অষ্টম উইকেট জুটিতে হাল ধরেন রবি বোপারা। রবি বোপারা ৪৭ বলে ৪৪ রান করেন। আর সোহাগ গাজী করেন ২১ রান। তিনি ১৭ বলে তিনটি চারে সাহায্যে এ রান করেন। সব মিলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করে। ৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পরে ম্যাচ কঠিন হয়ে যায়। ৯৯ রান করতে গিয়ে ৮৫ রানে ৭ উইকেট পরে যায় চিটাগং ভাইকিংসের। তবে শেষ দিকে দুই বোলারের ব্যাটিং নৈপূণ্যে ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় চিটাগং ভাইকিংস।
এদিকে, এদিন এমপি হিসেবে প্রথম মাঠে নামেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মাশরাফি। প্রথমে ব্যাট হাতে ১১টি বল খেলে করেন মাত্র ২ টি রান। ব্যাট হাতে সফল না হলেও বল হাতে সফলতা পেয়েছেন তিনি। ৪ ওভার বল করে পেয়েছেন ২ টি উইকেট। রান দিয়েছেন ২৪ টি। কোন নো দেননি তবে একটি ওয়াইড দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হল মাশরাফির জার্সি নম্বর ২। তিনি আজ রান করেছেন ২। বল হাতে উইকেট পেয়েছেন ২ টি। আর তার আসন হচ্ছে নড়াইল-২। তার সন্তানও দুটি।




