246170

হঠাৎ ঐক্যফ্রন্টের কর্মসূচিতে পরিবর্তন

স্মারকলিপি দিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থীর নির্বাচন কমিশনে (ইসি) যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ইসিতে যাবে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (৩ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ধানের শীষের একাধিক প্রার্থী এ তথ্য নিশ্চিত করেছেন।নির্বাচনে ভরাডুবির কারণ, সহিংসতা, হামলা-মামলা, নেতাকর্মীদের গ্রেফতার, এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়াসহ নানা অনিয়ম নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সকল প্রার্থীর অভিযোগপত্র নিয়ে বৈঠকে বসেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান প্রমুখ। তবে জোটের শীর্ষনেতা ড. কামাল বৈঠকে আসেন নি। তবে তিনি কেন হাজির হন নি, সে বিষয়ে কোনো নেতার বক্তব্যই পাওয়া যায়নি।বৈঠকে যোগ দেননি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী গণফোরামের দুই নবনির্বাচিত সংসদ সদস্য। তারা হলেন মৌলভীবাজার-২ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান।

জানা গেছে বিএনপি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান সুলতান মনসুর ও মোকাব্বির।এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় সব প্রার্থীকে নির্বাচন কমিশনে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেন ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad

পাঠকের মতামত