সরকারের সঙ্গেই থাকছে জাপা
সরকারের শরিক হয়ে বিরোধী দলেই থাকছে জাতীয় পার্টি (জাপা)। দশম জাতীয় সংসদে দলটির যে ভূমিকা ছিল, একাদশ সংসদেও একই ভূমিকা থাকবে। জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপি চলা সংসদীয় দলের প্রথম সভা শেষে এ তথ্য জানান দলর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে এখনও শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বেলা ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। ড. শিরীন শারমিন চৌধুরীর শপথের মধ্য দিয়ে এই শপথগ্রহণ শুরু হয়। অন্যদিকে শপথ অনুষ্ঠানে যোগ দেননি বিএনপি নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৭ সংসদ সদস্য।কয়েক মাসের টানা উত্তেজনার পর গত ৩০ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।এই নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ৫টি ও গণফোরাম ২ টি। নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি।




