পুলিশকে খালেদার ধমক
নাইকো দুর্নীতি মামলার অভিযোগে গঠনের শুনানিতে হাজির হয়ে আদালতে এক পুলিশ সদস্যের ওপর চটেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বৃহস্পতিবার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বিশেষ জজ আদালতে এঘটনা ঘটে।আদালতে নাইকো মামলার বিষয়সহ নানা বিষয়ে খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেন। তখন এজলাসে উপস্থিত পুলিশ সদস্যরা খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তখন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেখছেন না উনি (খালেদা) কথা বলছেন।
খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেই চলেন। একপর্যায়ে পুলিশ বাহিনীর এক সদস্য খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য হুইল চেয়ার টান দেন। তখন খালেদা জিয়া রাগান্বিত হন। নিজের পায়ের দিকে তাকিয়ে পুলিশ সদস্যের উদ্দেশ্যে খালেদা বলেন, ‘আমার পায়ের যদি কিছু হয়….।’এদিকে ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে ২০০৭ সালে ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। সূত্র: বাংলাদেশ জার্নাল




