কৃষ্ণা কাবেরী হত্যায় আসামি পলাশের মৃত্যুদণ্ড
রাজধানীর আদাবরে মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার একমাত্র আসামি কে এম জহিরুল ইসলাম পলাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।দণ্ডিত পলাশ গুলশানের ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক।রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি জামিনে পলাতক এই আসামির এক লাখ টাকা জনিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া রায়ে নিহত কৃষ্ণা কাবেরীর স্বামী এবং দুই মেয়েকে হত্যা চেষ্টার দায়ে ওই আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২, ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপপরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী। ওই ঘটনায় সীতাংশু শেখরের ভাই সুধাংশ শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন। ২০১৬ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত বছরের ২০ এপ্রিল মামলার জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। মামলাটির বিচারকাজ চলাকালে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।




