আর শপথ নেওয়া হলো না
আজই শপথ নিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেওয়ার কথা ছিল তারও। কিন্তু অসুস্থতাজনিত কারণে ছিলেন দেশে বাইরে। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।তবে আর শপথ নেওয়া হলো না তার। ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানলেন সৈয়দ আশরাফুল ইসলাম। ব্যাংককের হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসাধীন সৈয়দ আশরাফ বৃহস্পতিবার রাতে মারা গেছেন।দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীতেও ছিলেন।
৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন।বৃহস্পতিবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, শপথের জন্য সময় চেয়ে আবেদন করেছেন এই সংসদ সদস্য।তার কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সৈয়দ আশরাফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।




