শপথ নেবো কিনা আমি এখনও জানি না: সুলতান মনসুর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তবে আগামীকাল তিনি বিজয়ী প্রার্থী হিসেবে শপথ নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।এ ব্যাপারে বুধবার (২ জানুয়ারি) রাতে সুলতান মনসুর নিজেই গণমাধ্যমকে বলেন, ‘শপথ নিবো কি না আমি এখনও কিছুই জানি না। এ বিষয়ে আমি এখনই মন্তব্য করতে রাজী নই।’নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন সুলতান মনসুর।
তাই তার নির্বাচনী প্রধান উপদেষ্টা সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন মনে করেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট এই নির্বাচন বয়কট করায় সুলতান মনসুরের শপথ নেয়ার প্রশ্নই আসে না। কাল সরকারি দলের শপথ। তার শপথের ব্যাপরে ঐক্যফ্রন্ট কোনও সিদ্ধান্ত নেয়নি।অন্যদিকে সুলতান মনসুরের নির্বাচনী আহ্বায়ক বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা গণমাধ্যমকে বলেছেন, ‘সুলতান মনসুর ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থী। ঐক্যফ্রন্ট শপথের সিদ্ধান্ত নিলে তিনি শপথ নেবেন।’এদিকে নির্বাচনী বিধি মোতাবেক কোনও বিজয়ী প্রার্থী শপথ না নিলে ৯০ দিনের মধ্যে ওই আসনটি শূন্য ঘোষণা করে পুনর্নির্বাচন দেয়া হবে। ফলে সুলতান মনসুরের শপথ নেয়া না নেয়ার ওপর দুলছে কুলাউড়াবাসীর ভাগ্য।
গেল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারার এম এম শাহীন নৌকা প্রতীকে পান ৭৭ হাজার ১৭০ ভোট।




