245831

নতুন বছর শাকিবের যত চাওয়া

দেখতে দেখতে চলে গেলো ২০১৮ সাল। পাওয়া আর না পাওয়ার মধ্য দিয়ে সবাই বিদায় জানালেন ২০১৮। উঠেছে নতুন বছরের নতুন সূর্য। আবারো নতুন আশার আলো নিয়ে চলতে শুরু করেছে সবাই। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এ বছর নতুন রূপে দর্শকের সামনে আসতে চান। নতুন বছরের প্রত্যাশার কথা নিয়ে বাংলাদেশ জার্নালের সাথে কথা হলো ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের।শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শাকিব খান বলেন, ‘এ বছর একটু অন্য রকম ভাবে বছরটা শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়কে সাধুবাদ জানিয়ে এই সুপার স্টার বলেন, ‘আমাদের এই সরকার চলচ্চিত্র বান্ধব সরকার। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এ বছর আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য অবশ্যই কিছু করবেন। অতীতের সব অস্থিরতা কাটিয়ে নতুন বছর চলচ্চিত্র অনেকটা ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।’শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নেওয়ার জন্য শিগগির দেশের বাইরে যাবেন এই অভিনেতা। তাই বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন তিনি ।বর্তমানে শাকিব খানের মুক্তির অপেক্ষায় আছে তিনটি চলচ্চিত্র। একটি শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী। অন্য দিকে শামীম আহমেদ রনী পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে নায়িকা ববির সাথে জুটি বেঁধে অভিনয় করা ‘নোলক’ ছবিটিও।

ad

পাঠকের মতামত