নির্বাচন বাতিলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চায় আইনজীবী সমিতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলে সুপ্রিম কোর্টের স্ব-প্রনোদিত হস্তক্ষেপ চেয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বুধবার সংবাদ সম্মেলন করে এ হস্তক্ষেপ চান বারের সভাপতি জয়নুল আবেদীন।বারের সভাপতি বলেন, ৩০ ডিসেম্বর কোন নির্বাচন হয়নি। এই নির্বাচন জাতি গ্রহণ করেনি। সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। প্রধান বিচারপতিসহ সব বিচারপতির কাছে দাবি করছি এটা বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে। সুপ্রিম কোর্টকে স্ব-প্রণোদিত হয়ে এ বিষয়ে আদেশ দেওয়ার দাবি জানান বারের সভাপতি।জয়নুল আবেদীন বলেন, নির্বাচন কমিশন মনোনয়নপত্র গ্রহণের পর তাতে হস্তক্ষেপ হয়েছে বলে অতিতে আমরা কখনো দেখিনি। কিন্তু এবার অনেকের মনোনয়নপত্র উচ্চ আদালত বাতিল করেছে। মনে হয়েছে কারো চাপে এসব করা হয়েছে। এর মাধ্যমে ওই বিচারপতিরা তাদের শপথ ভঙ্গ করেছেন। তাই তাদেরকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।
সমিতির সভাপতি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আমরা আগেই বলেছিলাম, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। তাহলে জনগণ ভোট দিতে পারবে না। তবুও ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কথায় নির্বাচনে গিয়েছিল। কিন্তু আমাদের প্রার্থীদের ওপর হামলা-গুলি চালানো হয়েছে। এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। যারা কেন্দ্রে গিয়েছিল তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া আগের রাতেই সারা দেশের কেন্দ্রগুলোতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।সেনাবাহিনী ও বিজিকে বিতর্কিত করা হয়েছে বলেও উল্লেখ করেন বারের সভাপতি। এছাড়া সারা দেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান জয়নুল আবেদীন। সূত্র: আমাদের সময়.কম




