সংসদে নতুন মুখ
প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রায় ৪ ডজন প্রার্থী। বয়সে তরুণ প্রার্থীরাও চমক দেখিয়েছেন নির্বাচনে। প্রথমবারের লড়াইয়েই দলকে এনে দিয়েছেন জয়।আওয়ামী লীগের মনোনয়নের সবচেয়ে বড় চমক ছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মোর্ত্তজা। শুধু মনোনয়নেই নয়, চমক দেখালেন নির্বাচনের মাঠেও। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ গুণ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাশরাফি।বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ তন্ময় রাজনীতির মাঠে নেমেই দৃষ্টি কেড়েছিলেন। দলের মনোনয়ন নিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনিও। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল হতে যাচ্ছেন আগামী সংসদের কনিষ্ঠতম সদস্য।
চট্টগ্রামের নেতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছেলেসহ প্রায় ৪ ডজন নেতা এবারই প্রথম বসবেন জাতীয় সংসদে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আসিম কুমার উকিল, ইকবাল হোসেন অপু, এনামুল হক শামীম, শাহে আলম, ছোট মনিরসহ অনেকেই।মেহেরপুর-২ আসনে প্রথম মনোনয়ন পেয়ে ত্রিশ বছর পর আওয়ামী লীগের আসনটি পুনরুদ্ধার করলেন শাহিদুজ্জামান খোকন জয়।আর তারকাদের মধ্যে অভিনেতা আসাদুজ্জামান নূর, গায়িকা মমতাজের পাশাপাশি প্রথমবারের মতো সংসদে আলো ছড়াতে যোগ দিচ্ছেন সুজনসখি খ্যাত চিত্রনায়ক ফারুক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৬টি আসন, জাতীয় পার্টি ২২টি আসন, বিকল্পধারা বাংলাদেশ ২টি আসন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (আম্বিয়া) ১টি আসন, তরিকত ফেডারেশন ১টি এবং জাতীয় পার্টি-জেপি ১টি আসন পেয়েছে। অন্যদিকে বিএনপি ৫টি আসন ও গণফোরাম ২টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়াও স্বতন্ত্র ৩ জন প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন।




