বুধবার নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিজি প্রেসে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার (২ জানুয়ারি) বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে।ইসি যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান বলেন, নির্বাচিতদের গেজেট প্রকাশের সব প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। সব তৈরি করে প্রেসে পাঠানোর কাজ চলছে। আজকের (মঙ্গলবার) মধ্যে সম্ভব না হলে কাল (বুধবার) গেজেট হবে।
তিনি বলেন, গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়।সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে, ভোটের কত দিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে।




