৪ শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে পুলিশ, সন্ধানের দাবি পরিবারের
রাজধানীর ফার্মগেট থেকে ২৯ ডিসেম্বর ৪ শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে পুলিশ বলে অভিযোগ করে তাদের সন্ধানের দাবি করেছেন শিক্ষার্থীদের পরিবারগুলো।মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশানে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন পরিবারগুলো।শিক্ষার্থীরা হলেন- এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু খালেদ মোহাম্মদ জাবেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বোরহান উদ্দিন, মানারাত ইউনিভার্সিটির শেষ বর্ষের রেজাউল খালেক, ঢাকা ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. সৈয়দ মমিনুল হাসান।
সংবাদ সম্মেলনে অভিভাবকরা জানান, গত ২৯ ডিসেম্বর শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে শপিং শেষে বাড়ি ফেরার পথে ফার্মগেটে বাস থামিয়ে সাদা পোশাকধারী পুলিশ তাদের গ্রেফতার করে। বাসে থাকা তাদের সন্তানদের অপর এক বন্ধুর মাধ্যমে গ্রেফতারের বিষয়টি তারা জানতে পারেন। তারপর তেজগাঁও থানা এবং পার্শ্ববর্তী সকল থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করলে সবাই গ্রেফতারের বিষয়ে অস্বীকার করেছে।’
তারা বলেন, ‘গ্রেফতারের পর দুই দিন পেরিয়ে গেলেও আইন অনুযায়ী তাদের আদালতে হাজির করেনি, যা আমাদের গভীরভাবে উদ্বেগ করে ফেলেছে। আমরা আমাদের সন্তানদের নিয়ে শংকিত। আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি, আমাদের সন্তানরা পুলিশে হেফাজতেই আছে। নিরপরাধ মেধাবী ছাত্রদেরকে গ্রেফতার করে অস্বীকার করা এবং এতো দিন পেরিয়ে গেলোও আদালতে হাজির না করায় আমরা উদ্বিগ্ন। এটা কোনোভাবেই দায়িত্বশীল পুলিশের কাজ হতে পারে না এবং তা সরাসরি প্রচলিত আইন লংঘন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের জীবন নিয়ে শঙ্কা বোধ করছি।’
অভিভাবকরা বলেন, ‘আমাদের জানা মতে তারা কোনো অপরাধের সাথে জড়িত নাই। এরপরও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে এই জন্য দেশের আইন মেনে বিচার হওয়ার কথা কিন্তু পুলিশ তা করছে না। স্বয়ং পুলিশই যদি বেআইনিভাবে ও অমানবিক কাজ করে তাহলে আমরা কোথায় যাব?’‘আমরা এখন নিরুপায় হয়ে আমাদের নিখোঁজ হওয়া সন্তানদের সন্ধান ও মুক্তির জন্য আমরা এই সংবাদ সম্মেলন করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমাদের সন্তানদের নিরাপত্তা দাবি করছি। আপনাদের মাধ্যমে জাতীয় মানবাধিকার সংগঠনসহ দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমাদের সন্তানদের মুক্তির ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ হওয়ার পরিবারের সদস্যরা।




