যে কারণে ভাঙতে পারে ঐক্যফ্রন্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের দুই জয়ী প্রার্থীর শপথ নেওয়ার ওপরে নির্ভর করছে ফ্রন্টের সাথে বিএনপির জোট থাকবে কী থাকবে না। যদি গণফোরামের জয়ী দুই প্রার্থী শপথ গ্রহণ করে তাহলে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে কোনো সম্পর্ক থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে জানা গেছে।সূত্রটি জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে, বিএনপির জয়ী ৫ জন প্রার্থী শপথ গ্রহণ করবে না। আর ঐক্যফ্রন্টের প্রার্থীরা যদি শপথ গ্রহণ করে তাহলে ফ্রন্টের সাথে বিএনপির কোনো সম্পর্ক থাকবে না।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি আন্দোলন সহসা শুরু করবে না। আগে দলকে সুসংগঠিত করবে এবং নেতাকর্মীদের মনোবলকে ফিরিয়ে আনবে। এরপরে আন্দোলন ও সংগ্রামের কথা ভাববে দলটি।বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা মতামত দিয়েছেন যে, ওপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত বলেও সূত্রটি জানায়।এবিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তো ফলাফল প্রত্যাখান করেছি।তবে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, এবিষয়ে আমাদের বিবেচনা রয়েছে, পরে জানাবো।রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৫ জন দলীয় প্রার্থী বিজয়ী হন এবং বিএনপি জোটের দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গণফোরামের দুই প্রার্থী। সূত্র: বাংলাদেশ জার্নাল




