245647

চুরির মামলায় ড. জাফরুল্লাহ চৌধুরীর জামিন

ভূমিতে অনধিকার প্রবেশ করে গাছ চুরিসহ ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৪ জনকে জামিন দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। ঢাকা জেলার আশুলিয়া থানার ওই মামলায় জামিনপ্রাপ্ত অপর ৩ আসামি হলেন, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও সহ রেজিস্ট্রার গোলাম মোস্তফা।আসামিদের পক্ষে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার জামিন শুনানিতে আসামিরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে জামিনের অপব্যবহার করেননি।

তাই তাদের জামিন বহাল রাখার আবেদন জানান। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের জামিনের আদেশ দেন।আসামিরা গত ২৫ অক্টোবর আত্মসমর্পণ করলে হাইকোর্টে তাদের ৮ সাপ্তাহের জামিন মঞ্জুর করে ওই সময়ের মধ্যে ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী আসামিরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন।এর আগে গত ২৩ অক্টোবর নাছির উদ্দিন নামে এক ব্যক্তি আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৩ অক্টোবর আসামিরাসহ আরও অজ্ঞাতনামা ৪০/৫০ জন বিবাদী আশুলিয়া থানাধীন বাঁশবাড়ী মৌজাস্থ বাদীর ১৩.২৫ শতাংশ সম্পত্তি দখল করে নেয়।

সংবাদ পেয়ে বাদী এবং তার পরিবারের লোকজন সেখানে গিয়ে অবৈধ অন্যায় কাজে বাঁধা দিলে তাদের খুন ও জখমের হুমকি দেয়। পরবর্তীতে জমির কাছে গেলে হত্যা করে লাশ জমির মধ্যে দাফন করে রাখার ভয়-ভীতি প্রদান করেন তারা।এছাড়া বিবাদীরা জমিতে থাকা গাছ-পালা কেটে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং একটি টিন শেড ঘর ভাংচুর করে এক লাখ ২৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।এ মামলা ছাড়াও গত ১২, ১৫, ১৯ ও ২১ অক্টোবর চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল ও সাইনবোর্ড চুরির অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে। সবগুলো মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন।

ad

পাঠকের মতামত