245747

সিদ্ধান্তের অপেক্ষায় ৪ এমপি

শপথ গ্রহণের বিষয়ে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না তারা। আর ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের দুই সংসদ সদস্য বলছেন, দেশের উন্নয়নে কাজ করে যাবেন তারা।বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বগুড়া-৪ আসনে জয়ী হয়েছেন, বিএনপির মোশাররফ হোসেন।আইনি জটিলতায় বগুড়া-৭ আসনে বিএনপির সবার প্রার্থিতা বাতিল হলে, ভোটের দুইদিন আগে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় দলটি। মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে ‘ট্রাক’ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

অনিয়ম ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা এবং ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন, ঐক্যফ্রন্টের নেতারা। এমন অবস্থায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন কিনা- সে বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন তারা।বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমি দল থেকে এখনও কোন সিদ্ধান্ত পাইনি। দল থেকে আমাকে যে সিদ্ধান্ত দেয়া হবে আমি তা মেনেই সামনে কাজ করে যাবো।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদও দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, আমরা এই নির্বাচনের রায় প্রত্যাখান করেছি। এ ব্যাপারে দলের স্টিয়ারিং কমিটি যে সিদ্ধান্ত নেবে এবং যেসব কর্মসূচি দেবে আমরা সেটা মেনেই কাজ করবো।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন, ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমানও। তিনি জানান, শপথ নেয়ার বিষয়টি আমি আমার দলের উপর ছেড়ে দিয়েছি। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত।এদিকে, আতংক থাকলেও দেশের অন্যান্য জায়গার তুলনায় সিলেটে ভালো নির্বাচন হয়েছে বলে মনে করেন সিলেট-২ আসনে নির্বাচিত ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের প্রার্থী নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান। তিনি জানান, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, দেশের এই পরিস্থিতিতে একটি সহনশীল নির্বাচন হয়েছে।কুলাউড়ার উন্নয়নের পাশাপাশি জাতীয় রাজনীতিতে যে অচল অবস্থা চলছে, তা নিরসনে কাজ করার ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

মনসুর আহমদ বলেন, জাতীয় রাজনীতিতে এখন যে অচলাবস্থা রয়েছে। জাতীয় ঐক্যের মাধ্যমেই এই অবস্থার নিরশন করা সম্ভব। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবার ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন।

ad

পাঠকের মতামত