245674

‘এবারও ভুল করলো জাপা’

নির্বাচনে আগের চেয়ে খারাপ ফলের মূল্যায়ন করতে গিয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, আগের মতো আবারও ভুল করেছে তার দল। প্রতিবার নির্বাচনের আগে অস্থিরতা দেখা যায় জাতীয় পার্টিতে, যা দলটিকে পিছু টানছে বলে মনে করছেন তিনি।মঙ্গলবার দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বনানীর কার্যালয়ে এক সভায় ভোটের ফলাফলের মূল্যায়ন করেন রাঙ্গাঁ।মহাজোট থেকে এই নির্বাচনে অংশ নিয়ে ২০টি আসনে জয়ী হয়েছে জাতীয় পার্টি, যা দশম সংসদ নির্বাচনের চেয়ে ১৪টি কম। তবে দলটির নেতারা জানিয়েছেন, তাদের আসন ২২টি, ইসি ‘ভুল করে’ লাঙ্গলের দুজনকে নৌকার বিজয়ী দেখিয়েছে।দলের এই ফলাফলে অসন্তুষ্ট রাঙ্গাঁ বলেন, আমরা সন্তুষ্ট নই, অনেক আসন পাওয়ার কথা ছিল।

গণআন্দোলনের এরশাদের পতনের পর ১৯৯১ সালে তিনি বন্দি থাকা অবস্থায় ৩৫টি আসনে জিতেছিল জাতীয় পার্টি। এরপর ক্রমান্বয়ে আসন কমছে তাদের; যদিও তিন বার সরকারের অংশীদার ছিল তারা।বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এরশাদ দেওয়ার পর তিনি নাটকীয় অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দিক-নির্দেশনাহীন অবস্থায় ওই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয় এবং অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বিাচিত হন।এবার নির্বাচনের আগেও একই রকম অবস্থা হয়েছিল; মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠার পর এরশাদ মহাসচিবের পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাঁকে বসিয়ে সিঙ্গাপুরে চলে যান চিকিৎসার জন্য। যাওয়ার আগে আবার বড় ক্ষমতা দিয়ে যান হাওলাদারকে।

মহাজোটে আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার পর ভোটের আগে ফিরলেও প্রচারে নামেননি এরশাদ। নিজে ঢাকার আসনে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেও মহাজোটের বাইরে দলের প্রার্থীদের ভোটের মাঠে থাকার নির্দেশ দেন তিনি। ভোটে মহাজোটের বাইরে দাঁড়ানো জাতীয় পার্টির দুই-একজনই কেবল বিজয়ী হতে পেরেছেন।জাতীয় পার্টির প্রার্থীদের অভিযোগ, চেয়ারম্যান এরশাদের বিভ্রান্তিকর বক্তব্য, শীর্ষনেতাদের অসহযোগিতায় এবার তাদের প্রচার ছিল ছন্নছাড়া। ভোটের দুদিন আগে কেন্দ্রীয় কার্যালয়ে এসেও তারা কোনো জ্যেষ্ঠ নেতার দেখা পাননি।

রাঙ্গাঁ বলেন, আমরা যদি ৯০ তে ভুলটা না করতাম, ৯৬ তে যদি ভুলটা না করতাম, এমনটি ২০১৪ তেও না করতাম …. বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক ভুল হয়ে গেছে। এবারও ভুল করলাম। রাজনীতির একটা ভুল, ৫ বছর পরও মাশুল দিতে হয়। নির্বাচনে আমরা যে ভুলগুলো করলাম, এর মাশুল আমাদের আরও ৫ বছর দিতে হবে।১৯৯১ সাল থেকেই জাতীয় পার্টির নেতারা দল ছাড়ছেন। এই নির্বাচনের আগেও কজন চলে যান। সে কথা মনে করে রাঙ্গাঁ বলেন, স্যার (এরশাদ) তো কোনোদিন কারও উপর রাগ করেন নাই। তবে অনেকে অনেক সময় অনেক কিছু করে ফেলেন, নেতাকর্মীরা রাগ করে দল থেকে চলে যায়।

‘আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের সময় থেকে দলটায় যদি সবাইকে ধরে রাখতে পারতাম….. সবাই আমাদের থাকত, আমরাই বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে থাকতাম।এখন আঁতেলদের কাছ থেকে দলটাকে রক্ষা করতে হবে আমাদের সবাইকে’রাঙ্গা বলেন, একটা দলকে ধ্বংস করতে খুব বেশি লোকের প্রয়োজন হয় না। ক’জন সংসদ সদস্য ‍যদি উলটপালট কিছু করে দেয়, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত