245164

সাভারে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দিন সোমবার সাভারে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এলাকাবাসী জানায়, রোববার একাদশ জাতীয় সংসদ নিবাচনের দিন স্থানীয় আওয়ামী লীগের কর্মী সজিব নিজের গলায় আওয়ামী লীগের প্রতীক নৌকার ব্যাজ পরে কেন্দ্রে দায়িত্ব পালন করে। এ নিয়ে দলের নবাগত কর্মী সমর্থকদের সাথে ঝগড়া হয়। এর জের ধরে সোমাবার সকালে সজিবের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৩০ জন আহত হন।

এসময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।তিনি বলেন, ‘আমি শুনেছি পারিবারিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে।’ এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত