সহিংসতা ঘটালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি: হানিফ
‘বিএনপির লজ্জা হওয়া উচিত, তাদের দুষ্কর্মের কারণে দেশ যেমন অন্ধকারে তলিয়ে গিয়েছিল তেমনি আজকে বিএনপিও অন্ধকারে তলিয়ে গেছে’- এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ক্ষমতায় থাকতে ও বিরোধী দলে থাকতে বিএনপি কোনও কল্যাণমূলক কাজ করেনি বলেই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এখন সব হারিয়ে বিএনপি নেতাকর্মীরা যদি কোথাও সহিংসতা ছড়াতে চায় তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’নৌকা নিয়ে বিজয়ী হওয়ার পর সোমবার (৩০ ডিসেম্বর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে জনমানুষের শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির প্রসঙ্গ টেনে হানিফ বলেন, ‘ক্ষমতায় থাকতে লুটপাট আর দুর্নীতি ও ক্ষমতার বাইরে থাকতে আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল তারা। এই কারণে মানুষ তাদের ভোট দেয়নি। নির্বাচনে পরাজিত হলে অন্যের ওপর দায় চাপানো তাদের পুরনো কালচার, সেটিই এখন মির্জা ফখরুলরা করছেন।’তিনি বলেন, ‘এই নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত। দুর্নীতিবাজদের নেতা বানালে তারা কোনদিনই জনসমর্থন পাবে না।’নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে হানিফ বলেন, ‘নির্বাচন হয়ে গেছে, এটা মেনে নেয়া উচিত।
এই নির্বাচন নিয়ে বিতর্ক করার কোনও সুযোগ নেই। আর যদি কেউ নির্বাচন পরবর্তী সহিংসতা করে তবে পার পাবে না, কাউকেই ছাড় দেয়া হবে না।’কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আবারও বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে দেয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হানিফ।




