শপথ নেবেন না বিএনপির নির্বাচিতরা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচ প্রার্থী শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নতুন নির্বাচনের দাবি করেছি। ফলে সংসদে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।’অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংসদে যাওয়া কিংবা শপথ নেওয়ার কোনও প্রশ্নই আসে না।’
প্রসঙ্গত, রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাঁচজন দলীয় প্রার্থী বিজয়ী হন। এছাড়া, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গণফোরামের দুই প্রার্থী। তবে গণফোরামের সদস্যরা শপথ নেবেন কিনা, এখনও তা জানা যায়নি।




