পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট
নির্বাচনে ভরাডুবির পর জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ঐক্যফ্রন্টের মিডিয়া প্রধান মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা ও জাতীয় ঐক্যফ্রন্ট ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এমনকি নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করা হবে এই বৈঠকে।এদিকে বিকেলে বিএনপি আর সন্ধ্যায় ২০ দলীয় জোটও জরুরি বৈঠক ডেকেছে। সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
আর সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠকও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা ও ২০ দলীয় জোটের ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।




