245130

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

নির্বাচনের ফল বিপর্যয়সহ পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য নিশ্চিত করেন। ঐক্যফ্রন্টের সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের ফলাফল এবং ফ্রন্টের আগামী দিনের করণীয় ঠিক করা হবে এই বৈঠক থেকে।গণফোরামের একটি সূত্রে জানা যায়, পুনরায় নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের বৈঠক থেকে কর্মসূচি ঠিক করা হবে।

জাহাঙ্গীর আলাম মিন্টু বলেন, ‘দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দর রউফ ও মাহমুদুর রহমান মান্নাসহ প্রমুখ উপস্থিত থাকার করা রয়েছে।’এদিকে সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা ও ভবিষ্য করণীয় বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন।অন্যদিকে এদিকে একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোটের শরিক দলগুলোর প্রার্থীরা ২৮৮ আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপি ও তার শরিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মাত্র ১০টি আসন।

ফলাফল ঘোষিত হওয়া ২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৬টি আসন, জাতীয় পার্টি ২২টি আসন, বিকল্পধারা বাংলাদেশ ২টি আসন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (আম্বিয়া) ১টি আসন, তরিকত ফেডারেশন ১টি এবং জাতীয় পার্টি-জেপি ১টি আসন পেয়েছে। অন্যদিকে বিএনপি ৫টি আসন ও গণফোরাম ২টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়াও স্বতন্ত্র ৩ জন প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন।

ad

পাঠকের মতামত