244961

আওয়ামী জোটের ইভিএমের ছয় আসনেই জয়

নিউজ ডেস্ক।। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া ছয়টি আসনেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা জয় পেয়েছেন। ইভিএমের আসনগুলো হলো ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ এবং সাতক্ষীরা-২। এর মধ্যে ঢাকা-৬ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের সুব্রত চৌধুরীকে প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।

ঢাকা-১৩ আসনে বিএনপির আবদুস সালামকে হারিয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের সাদেক খান। রংপুর-৩ আসনে বিএনপির রিটা রহমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। চট্টগ্রাম-৯ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনিও বিএনপির শাহাদাত হোসেনকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন।

খুলনা-২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। খুলনায় শেখ সালাহউদ্দিন জুয়েলের কাছে হেরে গেছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। সাতক্ষীরা-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মীর মোশতাক আহমেদ রবি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুহাম্মাদ আব্দুল খালেকের চেয়ে সোয়া লাখ ভোট বেশি পেয়েছেন তিনি।

উল্লেখ্য,এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ছয়টিতে ইভিএমে ভোট হলো। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএমে ভোটের বিরোধিতা করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ইভিএমে ভোটগ্রহণের পক্ষে ছিল।

ad

পাঠকের মতামত