সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
ভারতের গুজরাট রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।রোববার সন্ধ্যায় রাজ্যটির কোচ জেলার ভাচুয়া শহরের কাছে ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ থেকে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।তারা জানায়, রোববার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে একই পরিবারের ১১ সদস্য নিয়ে ভাচুয়া মহাসড়ক দিয়ে ভ্রমণে যাচ্ছিল।এ সময় লবণবাহী একটি ট্রাক মহাসড়কের লেন ভেঙে বিপরীতমুখী অন্য লেনে এসে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। পেছন থেকে এসে আরেকটি ট্রাক ওই প্রাইভেটকারটিকে আবারও ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ওই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আর গাড়িতে থাকা ১১ যাত্রীর ১০ জনই মারা যান ঘটনাস্থলেই।ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি কোচ জেলা প্রশাসনকে দুর্ঘটনার শিকার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন। সূত্র: এনডিটিভি




