ছয় মন্ত্রী চায় জাতীয় পার্টি
ভোট শেষ। বিপুল বিজয় নিয়ে ঘরে ফিরেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২২টি আসন পেয়ে বিরোধীদলে বসছে এরশাদের জাতীয় পার্টি। এখন আওয়ামী লীগের সামনে অপেক্ষা নতুন সরকার গঠনের। গতবারের মতো এবারও মন্ত্রিপরিষদে থাকবে তারা। জানা গেছে, এবার আরো বেশি মন্ত্রী চায় জাপা।আগের মেয়াদে দুইজন প্রতিমন্ত্রী ও একজন পূর্ণ মন্ত্রী ছিলেন জাতীয় পার্টি থেকে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। সংসদের বিরোধী দলীয় নেতা হয়ছিলেন এরশাদের স্ত্রী ও দলটির কো চেয়ারম্যান রওশন এরশাদ।
এবার সংসদের বিরোধী দলীয় নেতা ও সংসদ উপনেতা কে হবেন সেটা নিয়েও চিন্তা-ভাবনা চলছে জাতীয় পার্টিতে। বিরোধী দলীয় নেতার তালিকায় রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদ। তবে জাপার শীর্ষ দুই নেতা শারীরিকভাবে অসুস্থ। যদি এরশাদ কিংবা রওশন এরশাদের কেউই বিরোধী দলীয় নেতা না হন তাহলে এগিয়ে থাকবেন জি এম কাদের।এছাড়া এবার ছয়জন মন্ত্রী চায় জাপা। এ বিষয়ে জাতীয় পার্টির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা চারজনকে অন্তত মন্ত্রী হিসেবে চাই। এর মধ্যে দুইজন পূর্ণ মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী। আশা করি মহাজোটের অন্যতম শরিক দল হিসেবে আমরা আমাদের ইচ্ছার বাস্তবায়ন দেখতে পাব।’ সূত্র: বাংলাদেশ জার্নাল




