245107

সামনে বিপিএল, এখন খেলায় মনোনিবেশ করবো: মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, `স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাকে ভোট দিয়ে জয়ী করেছে। তারা অনেক কষ্ট করেছে আমার জন্য। আমি খুব খুশি হয়েছি। এখন নড়াইলের জনগণের ওপর আমার দায়িত্ব আরও বেড়ে গেল। মানুষের অনেক চাওয়া-পাওয়া আছে। সেগুলো পূরণে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’সোমবার দুপুরে নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে বসে এসব কথা বলেন বেসরকারিভাবে নব নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।তিনি আরো বলেন, ‘জেলায় সরকারি যে বরাদ্দ দেয়া হয় তা যেন সঠিকভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি সড়ক ও যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ রয়েছে।

আমরা সড়কগুলো যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারি সে কারণে ঠিকাদাররা যেন ভালোভাবে কাজ করে তার খেয়াল রাখতে হবে। সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সব সেক্টরেই কাজ করতে হবে। ব্যক্তিগত চাহিদা থেকে সমষ্টিগত চাহিদার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ব্যক্তিগত বিষয়ে একজনই ফল ভোগ করে, আর সমষ্টিগত দাবি পূরণ করলে এলাকার অনেকে তার ফল ভোগ করতে পারে।’মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মানুষের ভেতরে খারাপ-ভালো সবই আছে। আমাদের ভালো দিকগুলোকে ফুটিয়ে তুলতে হবে। খেলাধুলার উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। শিক্ষার্থীরা যেন স্কুল-কলেজ শেষ করে খেলার মাঠে যায়, তারা যেন খেলাধুলা করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমি এখন খেলাধুলায় মনোনিবেশ করবো, সামনে আমার বিপিএল রয়েছে। আগামী ৫ জানুয়ারি বিপিএল খেলা শুরু হবে। এ কারণে মঙ্গলবার ঢাকায় ফিরতে হবে আমাকে।’এ সময় নড়াইলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।রোববার অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৫৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

নড়াইল-২ আসন থেকে বিজয়ী হয়েছেন মাশরাফি। বেসরকারি হিসাব মতে, ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। প্রায় ৩৪ গুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ম্যাশ।মাশরাফির এ বিজয়ে সানন্দিত অসংখ্য ভক্ত-সমর্থক। ব্যতিক্রম নয়, রংপুর রাইডার্সও। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে নড়াইল এক্সপ্রেসকে প্রতিযোগিতাটিতে খেলতে যাওয়া প্রথম এমপি (সংসদ সদস্য) হিসেবে অভিহিত করেছে তারা।

ছবির ক্যাপশনে রংপুর রাইডার্স লিখেছে, আরেকটি অসাধারণ অর্জনে মাশরাফি বিন মুর্তজাকে অভিনন্দন। বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি (সাংসদ) হতে যাচ্ছেন তিনি।আসছে ৫ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। এবারো রংপুরের হয়ে অধিনায়কত্ব করবেন মাশরাফি। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছে উত্তরবঙ্গের দলটি।

ad

পাঠকের মতামত