244670

মানুষ উচ্ছ্বাস নিয়ে ভোট দিয়েছেন : ভারতীয় পর্যবেক্ষক প্রধান

নিউজ ডেস্ক।। উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ উচ্ছ্বাস নিয়ে ভোট দিয়েছেন। যতগুলো কেন্দ্র পর্যবেক্ষণ করেছি তাতে ভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়েছে। বললেন ভারতীয় পর্যবেক্ষক দলের প্রধান আরিফ আফতাব। রোববার ঢাকার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও ভোটগ্রহণ সুষ্ঠু হয় কিনা, তা দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকরা সকাল থেকে দেশের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে ভারতের আরেক পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেন, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে এবং প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ ও ভারতের নির্বাচনের মধ্যে মিল আছে। ভারতেও জনগণ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় এবং এখানেও একই ঘটনা ঘটছে। এখানে শান্তি বিরাজ করেছে। অপর বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার বলেন, এখানকার নির্বাচনের পুরো উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ। এ পর্যন্ত আমি পাঁচটি ভোটকেন্দ্র ঘুরেছি। বাংলাদেশের এ নির্বাচনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট প্রয়োগ করতে দেখেছি। এটা আমাকে সত্যিকারের অনুপ্রাণিত করেছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় এসে অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, শ্রীলঙ্কা, প্যালেস্টাইন, ফিলিপিন্সসহ অন্যান্য দেশ থেকে পৌঁছান অর্ধশতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। একাদশ জাতীয় নির্বাচনের জন্য নয়টি আন্তর্জাতিক সংস্থা এবং ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নিবন্ধন করেন।

সংস্থাগুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অফ ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট অফ সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দ্বিপেন্দ্র ক্যান্ডেল ইনিশিয়েটিভ এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পর্যবেক্ষক পাঠানোর কথা আছে।

ad

পাঠকের মতামত