244276

বিএনপির শামা ওবায়েদের ভোট বর্জন

ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী।শামা ওবায়েদ বলেন, এই আসনের ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রে গতকাল রাতেই ভোট দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সেসব কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে নিজেও ভোট দেননি শামা ওবায়েদ ইসলাম।নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা সম্পর্কে তিনি জানেন না। গতরাতে শামা ওবায়েদ একটি কেন্দ্রের বিষয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে ভোট কাটা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাইনি।

এর আগে কুমিল্লা-১১ ও খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী ভোট বর্জন করেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জন করেছেন। রবিবার (৩০ ডিসেম্ব) সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোটার, নেতাকর্মী এবং প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ বিভিন্ন অভিযোগ তুলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেলমন্ত্রী মজিবুল হক।ভোট বর্জন করেছেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির। রোববার সকাল ১০টায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় তিনি এই জামায়াত নেতা অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে পুলিশও ভোটারদের মুখ চিনে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব।সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত