ইভিএমে খুশি চট্টগ্রাম-৯ আসনের ভোটাররা
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন সেখানকার ভোটাররা। আর মেশিনে ভোট দিতে পেরে স্বাভাবিকভাবেই খুব খুশি তারা।সকাল ৮টায় এই আসনের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের শুরু থেকে উৎসুক ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। কেন্দ্র ফেরত ভোটারদের মধ্যে ইভিএমে ভোট দেওয়া নিয়ে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।এখানে দুটি কেন্দ্রে মোট দুই হাজার ৬৮৫ জন ভোটার ভোট দেবেন। একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, ছয়টি ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে। আরও ছয়টি ইভিএম মেশিন ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে।চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে একমাত্র এই আসনটিতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।
এখানে তিন লাখ ৯০ হাজার ৪৩১ জন ভোটারের মধ্যে দুই লাখ চার হাজার ২০৬ জন পুরুষ এবং এক লাখ ৮৬ হাজার ২২৫ জন নারী ভোটার ভোট দেবেন মোট ১৪৪টি কেন্দ্রের ৯২০ ভোট কক্ষে।চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন নগর বিএনপির কারাবন্দি সভাপতি শাহাদাত হোসেন।




