ভোটের ফল নিয়ে ‘প্রত্যাশা নেই’ রেজা কিবরিয়ার
ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগ এনেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের প্রার্থী রেজা কিবরিয়া।রবিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন চলাকালেই সাড়ে ৩টার দিকে তিনি এ অভিযোগ করেন।এসময় রেজা কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমার সর্বশেষ হিসাব অনুযায়ী ১৭৬টি কেন্দ্র ক্ষমতাসীনদের হাতে দখল হয়ে যাওয়ায় নির্বাচনের ফল নিয়ে এখন আর কোনও প্রত্যাশা করছি না।’তিনি বলেন, ‘সকাল ১১টার মধ্যে বুঝতে পারলাম যে আমার আসনে অন্তত ৩০টি কেন্দ্র দখল হয়ে গেছে। এরপর দুপুরের পর যে খবর আসলো, তাতে হিসাব করে দেখি যে, প্রায় ১৭৬টি কেন্দ্র ক্ষমতাসীন দলের লোকজন দখল করে নিয়েছেন। তাই আমি আর হিসাব করা বাদ দিয়েছি।’ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, ‘আমার নেতাকর্মীদের বলে দিয়েছি নিরাপদে থাকতে। এই নির্বাচন তো আর সুষ্ঠু হয়নি। তবে, কিছুদিন পরেই হয়তো আরও একটি নির্বাচন হবে।’




