244306

দুপুরের মধ্যেই ঝড়লো ৯ প্রাণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে না হতেই সারাদেশে নির্বাচনী সহিংসতায় মারা গেছে ৯ জন।রবিবার (৩০ ডিসেম্বর) কুমিল্লায় ২ জনকে গুলি করে মারা হয়েছে যার মধ্যে একজন বিএনপি কর্মী। এছাড়া লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন, চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী, রাঙ্গামাটিতে যুবলীগ নেতা, রাজশাহীর মোহনপুরে আ.লীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া সদরে এক রাজমিস্ত্রি , টাঙ্গাইলে এক বিএনপি নেতা ও বগুড়ার কাহালুতে একজন নিহত হয়েছেন।কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট) বাচ্চু মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। এছাড়াও কুমিল্লা-৭ চান্দিনা আসনে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে মজিবুর রহমান (৩৫) নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

কুমিল্লা-৭ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাড. রেদোয়ান আহমেদ অভিযোগ করেছেন মজিবুর পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে চান্দিনা থানা পুলিশের ওসি মো. ফয়সাল বলেন, ময়নাতদন্তের পর বলা যাবে কার গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। এছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোটগ্রহণ শুরুর আগেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে আহমদ কবীর (৪৫) নামে জাতীয় পার্টির এক কর্মী নিহত হন।

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাছির উদ্দীন (৩৫) নিহত হয়েছেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মোহনপুর উপজেলায় নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে মিরাজ উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। রবিবার বেলা ১১টার দিকে মোহনপুরের পাকুন্দিয়া বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (১৯) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে আব্দুল আজিজ (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আজিজ ইউনিয়ন বিএনপির সভাপতি বলে স্থানীয়রা জানালেও পুলিশ বলছে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।এদিকে বগুড়ার কাহালু উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

ad

পাঠকের মতামত