জামায়াতের নির্বাচন বয়কটের ঘোষণা
ভোট বয়কটের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। এক তরফা নির্বাচনের অভিযোগ করে তারা ভোট বয়কটের ঘোষণা দিয়েছে। রবিবার দুপুরে দলের প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ধানের শীষের ২২ প্রার্থী এবং স্বতন্ত্র ৪ প্রার্থীর নির্বাচন বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে সকাল থেকেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আসছেন ধানের শীত প্রতীকে নির্বাচন করা জামায়াতের প্রার্থীরা।বিবৃতিতে মফিকুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগ করা তো দূরের কথা জান-মালের কোনও নিরাপত্তা নেই। এই একতরফা নির্বাচনকে কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাই বিদ্যমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর যে সব প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ওইসব আসনসমূহে আমরা নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করার ঘোষণা দিচ্ছি।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটারদের ওপর হামলা চালানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও ভোটাররা হামলার শিকার হয়ে মারাত্মতকভাবে আহত হয়েছেন। দেশের সর্বত্রই নির্বাচনের নামে প্রহসনের নগ্ন চিত্র ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে এটা কোনও নির্বাচনই নয়। নির্বাচনের নামে এটি একটি ব্যালট ডাকাতির প্রহসন এবং জনগণের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়।




