চিত্রনায়ক ফারুক মালা চান না ফল না পাওয়া পর্যন্ত
বিনোদন ডেস্ক।। ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের ফুলের মালা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। রবিবার সন্ধ্যায় বনানী ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে কর্মী, সমর্থক ও ভক্তদের নিয়ে আসা ফুলের মালা ও তোড়া নিয়ে আসেন। তাঁদের এই ভালোবাসার জবাব এভাবেই দেন ফারুক। ফারুক বলেন, ‘এখন নয়, আগে পূর্ণাঙ্গ রেজাল্ট আসুক। যদি জয়ী হই তবেই আপনাদের এই ভালোবাসা গ্রহণ করবো। অপেক্ষা করুন। অনেক অপেক্ষা করেছেন, আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’
একাদশ সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে নেতাকর্মীরা মিছিল সহযোগে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আসতে শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কেউ কেউ ফুলের মালা নিয়েও উপস্থিত হচ্ছেন। এসময়ে ফারুকের গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন কেউ কেউ, কেউ কেউ ফুলের তোড়া হাতে তুলে দিতে চাইছেন, কিন্তু ফারুক নেতাকর্মী ও ভক্তদের শান্ত করছেন।




